আগৈলঝাড়ায় এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা এনজিও সমন্বয় পরিষদের দুই বছর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক কাজল দাশগুপ্তকে সভাপতি ও দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক এই কমিটি ঘোষণা করেন। গত ২১ মে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভায় কারিতাস বরিশাল অঞ্চলের পরিচালক ফ্রান্সিস বেপারী ও আলোশিখা এনজিও’র নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদারের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের সার্চ কমিটি শনিবার উপজেলা এনজিও সমন্বয় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের হাতে ২ বছর মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটির তালিকা তুলে দেয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, ছোটমনি নিবাসের উপ-তত্বাবধায়ক সুশান্ত বালা, এনজিও সমন্বয় পরিষদের উপদেষ্টা ফ্রান্সিস বেপারী, জেমস মৃদুল হালদার, সিসিলিয়া পারুল মন্ডল, বদিউল আলম বাবুলসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।