আমি ভিক্ষা করতে চাইনা, কাজ করে বাঁচতে চাই: পঙ্গু আব্দুর রাজ্জাক পেলো ভ্যানগাড়ি উপহার

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
গত দুই বছর পূর্বে ট্রাকের চাপায় পা হারানো পঙ্গু হয়ে ভিক্ষা করে মা, বোন ও স্ত্রী-সন্তান নিয়ে বহু কষ্টে দিনযাপন করে আসছিলো আব্দুর রাজ্জাক শেখ (৩২)। তাকে শনিবার দুপুরে নগরবাড়ি জামে মসজিদের সামনে বসে একটি ভ্যানগাড়ি উপহার দিয়েছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি যুব সমাজ। সে আর ভিক্ষাবৃত্তি না করে ভ্যানগাড়ি চালিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করবে বলে জানিয়েছে। সে ভিক্ষা করে খেতে চায়না, কাজ করে খেতে চায়।
আব্দুর রাজ্জাক শেখ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গোপালপুর প্রামের মৃত রুহুল আমিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি জামে মসজিদে জুম্মার নামাজের সময় কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক শেখ নামে এক পঙ্গু লোক ভিক্ষা করতে আসে। জুম্মার নামাজ শেষে মসজিদের মুসলীø ও এলাকাবাসীর কাছে সাহায্য চায় সে। আর বলে- আমি ভিক্ষা করে খেতে চাইনা, আমি কাজ করে খেতে চাই। মুসল্লীগণ তাকে প্রশ্ন করেন- কি ধরণের কাজকর্ম করতে চায় সে। আব্দুর রাজ্জাক শেখ জানায়- একটি ভ্যানগাড়ি হলে আমি ভ্যান চালিয়ে আয় করে খাবো। এর পরে নগরবাড়ি গ্রামের যুব সমাজ মিলে একটি ভ্যানগাড়ি কিনে উপহার দেন পা হাড়ানো পঙ্গু আব্দুর রাজ্জাক শেখকে।
আব্দুর রাজ্জাক শেখ ভ্যানগাড়ি পেয়ে অশ্রুসজল চোখে বলেন, দুই বছর পূর্বে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক আমাকে চাপা দেয়। আমি গরিব পরিবারের সন্তান। আমার পরিবারে চিকিৎসা করানোর মতো কোন সামর্থ ছিলোনা। স্থানীয়রাদের সহযোগিতায় ঢাকা পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে ডাক্তার আমার বাম পা কেটে ফেলে। আমার পরিবারে মা, দুই বোন ,স্ত্রী ও চার বছরের একটি মেয়ে নিয়ে মানুষের সহযোগিতায় জীবনযাপন করে আসছি। আমার ভিক্ষা করতে ভালো লাগেনা। নগরবাড়ী যুব সমাজ আমাকে একটি ভ্যানগাড়িটি দিয়ে আমার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি ভ্যান চালিয়ে যে আয় হবে সেই আয় দিয়ে আমি মা, দুই বোন ,স্ত্রী ও সন্তান নিয়ে চলবো। আমি সকলের কাছে দোয়া চাই।
শনিবার দুপুরে নগরবাড়ী যুবসমাজের পক্ষ থেকে একটি ভ্যানগাড়ি পঙ্গু আব্দুর রাজ্জাকের হাতে তুলে দেন নগরবাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন ইমাম মো. আল আমিন, সাবেক ইউপি সদস্য আ. মান্নান সরদার, শিক্ষক মো. ইদ্রিস তালুকদার, আব্দুস সালাম খান, মো. জুলহাস খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম শিপন, ইউপি সদস্য মো. মশিউর রহমান, মো. জহিরুল ইসলাম সবুজ, মো. পান্না হাওলাদার প্রমুখ।