ওসমান গনি, বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ
পাবনায় বেড়ায় পাথরভর্তি ট্রাক থেকে ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
ঢাকা-পাবনা মহাসড়কের বেড়া উপজেলার কাগমারি এলাকা থেকে এসব নেশাদ্রব্য জব্দ করে পুলিশ। এ সময় ট্রাক ও চালকসহ দুজনকে আটক করা হয়। সোমবার বিকেল ৫ টার দিকে তাঁদের আটক করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ওসি এ.কে. এম হাবিবুল ইসলাম।
আটকরা হলেন, মানিকগঞ্জ দৌলতপুর থানার হাবিবুর রহমানের ছেলে ও ট্রাকচালক সামাউল (৩১) এবং একই এলাকার কুসুম মন্ডলের ছেলে ও ট্রাকের হেলপার রফিকুল (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উদ্দেশ্যে পাথর বোঝাই ট্রাকে ফেনসিডিলসহ নেশাদ্রব্য যাচ্ছে বলে এরই ভিত্তিতে ঢাকা-পাবনা মহাসড়কের বেড়া উপজেলার কাগমাইর পাড়া এলাকায় ট্রাক থামালে তাতে ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এ সময় এগুলো জব্দ করে ট্রাকচালক ও হেল্পারকে আটক করা হয়। জব্দ করা নেশাদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকার মতো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি এ প্রতিবেদক কে জানান।
