খানসামায় শহীদ জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার নিউ পাকেরহাট মর্নিং সান ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহয়ের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দিনাজপুর–০৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক চৌধুরী, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম বাবুল, জেলা পরিষদের সাবেক সদস্য ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহরিয়ার জামান শাহ নিপুণসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আয়োজকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই খেলাধুলার এমন আয়োজন তরুণদের সুস্থ সংস্কৃতি ও মনন তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।