কামরুল হাসান ‘টাঙ্গাইল প্রতিনিধ :টাঙ্গাইল সদর উপজেলার বেবি স্ট্যান্ড থেকে তোরাপগঞ্জ সড়কের চাড়াবাড়ি এলাকায় এসডিএস ব্রিজের পশ্চিম পাশের অংশ হঠাৎ ধসে পড়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরাঞ্চলের তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এই ব্রিজটির উপর নির্ভরশীল। ব্রিজের এক পাশ ধসে পড়ায় বর্তমানে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, ফলে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটির কিছু অংশে ফাটল দেখা দিয়েছিল, কিন্তু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে মঙ্গলবার রাতে পশ্চিম পাশের অংশটি ধসে পড়ে।
এলাকাবাসী দ্রুত ব্রিজটির সংস্কার ও বিকল্প যোগাযোগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
