গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু,দুজন নিখোঁজ

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যু ও দুইজন নিখোঁজ হয়েছেন। নৌকায় ২০ থেকে ২৫ জনের মতো যাত্রী ছিল। সবাই সাঁতরে আসলেও তিনজন আসতে পারেনি। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম জিতেন ম-ল (৬০)। তাঁর বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে। আর নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)। তাঁদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়েছে। স্থানীয়রা জানান,শনিবার সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তাঁর মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকা মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনকে নিতে এপারে আসে। ২০-২৫ জন ওই নৌকায় করে নদী পার হচ্ছিলেন। তখনই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়রা জিতেন ম-লকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বাকি দুইজনের মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে।#