ওসমান গনি বেড়া (পাবনা)
পাবনার বেড়া উপজেলাকে ৬৮, পাবনা-১ আসন থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে ফের মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বেড়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক ও বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির। এ সময় শত শত মানুষ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেন।বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন ৬৮, পাবনা-১ আসনের অধীনে থাকা বেড়ার একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন কেটে সুজানগর উপজেলায় যুক্ত করেছে, যা জনগণের প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত। তাদের দাবি আগের মত বেড়া-সাঁথিয়া উপজেলাকে ৬৮, পাবনা-১ আসন করা হোক। দ্রুত গেজেট বাতিল না হলে পরবর্তী পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলেন তারা। কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন , সর্বদলীয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সহসভাপতি সাজেদুল ইসলাম দিপু, সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, মঈন উদ্দিন খাজাসহ ও বিভিন্ন পেশাজীবি মানুষ। গত ৪ আগস্ট দেশের ৩৭টি নির্বাচনী এলাকার আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এরপর থেকেই বেড়ার মানুষ ধারাবাহিকভাবে একরে পর এক প্রতিবাদ কর্মসূচি মিছিল, মানববন্ধন, অবরোধ, হরতাল পালন করে আসছেন। গেল সোমবার পাবনা জেলা প্রসাশক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ও জেলা প্রসাশক নিকট স্মারকলিপি প্রদান করেন এ উপজেলার সর্বস্তরের মানুষ।
