বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে ৪৭টি পূজাম-পে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআরের বরাদ্দ করা ২৩ দশমিক ৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা শেষে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস প্রতিটি পূজাম-পের জন্য ৫০০ কেজি করে চালের বরাদ্দপত্র তুলে দেন।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম লুৎফর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, বিএনপি নেত্রী মহুয়া নুর কচি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা ও প্রভাষক আব্দুল আলিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, মুক্তিযোদ্ধা বয়েত রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গোপাল কুমার দাস ও যুগ্ম সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও এনসিপির যুগ্ম সমন্বয়ক নুহ ইসলাম বক্তব্য রাখেন।
পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন ৪৭টি ম-পে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ইউনিয়নওয়ারী উপজেলার বনপাড়া পৌরসভায় ৭টি, বড়াইগ্রাম পৌরসভায় তিনটি, জোয়াড়ী ইউনিয়নে ১১টি, বড়াইগ্রাম ইউনিয়নে ৯ টি, জোনাইল ইউনিয়নে ৭টি, গোপালপুর ইউনিয়নে ০১টি, নগর ইউনিয়নে ৬টি ও মাঝগাঁও ইউনিয়নে তিনটি পূজাম-প তৈরি করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক বলেন, প্রতি বছরের মতো এবারও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা জিআরের চাল পূজাম-পগুলোতে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, এবার প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
