বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে নাটোরে বড়াইগ্রাম পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌর সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে সাবেক পৌর প্রশাসক ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, পৌর জামায়াতের আমীর আলমাছ সরদার ও সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোবারক হোসেন টিপু, অধ্যক্ষ লুৎফর রহমান ও লক্ষ্মীকোল দুর্গাপূজা মন্ডপের সভাপতি শ্রী অনুপ কুন্ডু বক্তব্য রাখেন। সভায় পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস দুর্গাপূজায় পৌর প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং শহরের তিনটি দুর্গামন্ডপের জন্য পৌর তহবিল থেকে ২৬ হাজার টাকা বরাদ্দ দেন।
