ওসমান গনি,বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ
গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বর্ষণে যমুনা নদীর পানি অত্যধিক বৃদ্ধি পাওয়ায় পাবনার বেড়া উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের নিচু এলাকার শতশত বিঘা জমির উঠতি মাষকলাই সহ বিভিন্ন সবজি খেত পানিতে তলিয়ে গেছে। যাঁর কারণে কৃষকরা ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ মোল্লা বলেন , গত এক সপ্তাহের ব্যবধানে চর নাগদাহ গ্রামের নিচু এলাকার কয়েকশো বিঘা জমির মাষকলাই , বর্ষালি ইরি ধান , সহ বিভিন্ন ধরনের উঠতি সবজির খেত পানির নিচে ডুবে যাওয়া এ অঞ্চলের কৃষকরা বেশ হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। চর সাঁড়াশিয়া গ্রামের আ.সাত্তার বেপারি জানান , বেগুন , পটল, ঝিঙে, মিষ্টি কুমড়ো , শসা, লাউ, কাঁচা মরিচ সহ বিভিন্ন ধরনের শাকসবজি বেশির ভাগ মূলত নদীর তীরবর্তী চরাঞ্চল এলাকা থেকেই স্থানীয় হাট বাজার গুলোতে আমদানি হয়ে থাকে। ঢলের পানিতে অধিকাংশ সবজির জমি তলিয়ে যাওয়ায় হাট – বাজার গুলোতে সবজির আমদানি কমে গেছে, যাঁর ফলে দামও হুহু করে বেড়েই চলছে। এতে নিম্নআয়ের মানুষের বাজারে গিয়ে সাধ্যমতো বাজার করা অসম্ভব হয়ে পড়েছে।চর সাফুল্লাহ গ্রামের গজনবী বলেন, ঢলের পানিতে আমার ৫ বিঘা জমির উঠতি মাষকলাই এবং সবজি খেত তলিয়ে গেছে। ধারদেনা করে এসব জমিতে আবাদ করেছিলাম কিন্তু অসময়ে ভারী বর্ষণে খেত তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছি।
চর নাগদাহ গ্রামের আরেক কৃষক আফান মাঝি বলেন , তাঁর তিন বিঘা জমির মাষকলাই ঢলের পানিতে তলিয়ে গেছে। এছাড়াও চরাঞ্চলের বিভিন্ন মৌজার শতশত বিঘার নিচু জমির উঠতি মাষকলাই , বর্ষালি ইরি ধান , সহ অনেক সবজি ফসলের খেত ডুবে যাওয়ায় কৃষকরা চরম দুশ্চিন্তায় জীবনযাপন করছে। স্থানীয়রা আরও জানান , যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যহত থাকলে চরাঞ্চলের শত-শত বিঘা জমির বর্ষালি ইরি ধানের জমিতে পানি উঠে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন তারা ।
এ বিষয়ে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর বলেন ,আমাদের অফিসের তথ্যমতে চর এলাকার কিছু নিচু জমির আগাম মাষকলাই যা গো-খাদ্য( ঘাস) উৎপাদনের জন্য কৃষকরা বপণ করে থাকেন। এসব উঠতি জমির কিছু মাষকলাইয়ের খেত পানিতে ডুবে গেছে বলে আমরা খবর পেয়েছি। তবে জমি ও ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি হবে না বলে তিনি এ প্রতিবেদককে জানান।#
