মাদক সেবনের দায়ে খানসামায় পুলিশের হাতে আটক মাদকসেবীকে ৪ মাস কারাদণ্ড

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মাদক সেবন ও হেফাজতে রাখার অপরাধে দিনাজপুরের খানসামায় পুলিশের হাতে আটক হাবিল (৪৫) নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার এই সাজা প্রদান করেন।

আটক হাবিল উপজেলার আংগারপাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের চৌরঙ্গী মুসাহার পাড়া এলাকায় ৫০ গ্রাম গাঁজাসহ তাকে থানা পুলিশের সদস্যরা আটক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার আজকের পত্রিকাকে জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদক ও জুয়া সহ যেকোনো অপরাধ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।