মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
পাবনায় সড়কে ঝড়লো একই পরিবারের তিন জনের প্রাণ। সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে
চাটমোহরের বাড়িতে ফেরার সময় পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাবা মা মেয়ের মৃত্যু হয়। নিহতদের সবার বাড়ি চাটমোহরের গুনাইগাছা
ইউনিয়নের চরপাড়া গ্রামে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানা (২৮), সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও মেয়ে সুমাইয়া (৭)। নিহত সোহেল রানা
আক্কাস আলীর ছেলে ছিলেন। পেশায় ছিলেন ওয়ার্কশপ মিস্ত্রি। এ ঘটনায় পরিবারের সদস্য ও পুরো এলাকার মানুষের চোখে মুখে নেমে এসেছে শোকের ছায়া।
সোহেল রানার স্বজনরা জানান, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়ির
উদ্দেশ্যে রওনা দেন। ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়
সোহেল রানার মোটরসাইকেলের। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাটোরের বড়াইগ্রামের বাগডোব এলাকায় মারা যায় সোহেল রানা।
এ ব্যাপারে ফরিদপুরের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশী হেফাজতে নেওয়া হয়। আইনগত
প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
