সাঁথিয়ায় ইছামতি নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত ইছামতি নদীর  ৪২ কিলোমিটার নদীর বাঁশ ও জালের অবৈধ বাঁধ অপসারণ শুরু করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে পৌর সভা সদরের বোয়ালমারি বিজ্র থেকে বাঁধ অপসারণের কাজ শুরু করা হয়। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এ কাজের উদ্বোধন করেন। এ সময় সাঁথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান উপস্থিত ছিলেন।
বাঁধ অপসারণের সংবাদে সন্তষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবী, দীর্ঘ দিন নদী লীজ নিয়ে বাঁধ দিয়ে মৎস্য চাষ করা হতো। এতে বদ্ধ পানিতে কচিপানা জমে পানি নষ্ট হতো, মশা ও মাছি বংশ বৃদ্ধি পেত। পরিস্কার পানি থেকেও বঞ্চিত করা হতো স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, বিগত সময়ে ইছামতি নদীর বিভিন্ন অংশ লীজ দেয়া হতো।  চলতি বছর জেলা প্রশাসকের অফিস থেকে নদীটির কোন অংশই লীজ প্রদান করা হয়নি। পাবনা জেলা প্রশাসকের নির্দেশে নদী থেকে সকল অস্থায়ী বাঁধ অপসারণ করা হচ্ছে। এতে করে নদী পারের জনসাধারণ নিজেরা মৎস্য শিকার ও পানির সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে পারবে। ##