নাটোর প্রতিনিধি
নাটোর শহরের মাদরাসা মোড়ে নিজের গড়া জনসেবা হাসপাতালের শয়ন কক্ষ থেকে নাটোর জেলা মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও ড্যাব আহবায়ক এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক এসোসিয়েশনের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম (৬৬) এর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ হাসপাতালের তৃতীয় তলার শয়ন কক্ষ থেকে ডাঃ আমিরুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করে। ডাঃ আমিরুল ইসলাম জেলার সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার হাসান আলীর ছেলে।
ডাঃ আমিরুল ইসলামের আপন ভাই ও তার জনসেবা হাসপাতালের ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রোববার রাত ১২টা পর্যন্ত ডাঃ আমিরুল ইসলাম জনসেবা হাসপাতালে রুগী দেখেন। পরে ওয়ার্ডের রুগীদের খোঁজ খবর নিতে ওয়ার্ডেও যান তিনি। সোমবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নাটোর জেলা বিএনপির জনসমাবেশে তার যোগ দেয়ার কথা ছিল। এজন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি হাসপাতালের কর্মচারীদের সকাল ১০টার মধ্যে তাকে ঘুম থেকে ডেকে দিতে বলেন। সকাল ১০টার দিকে বার বার তাকে ডাকা হলেও কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে সকাল ১১টার দিকে তার ভাইসহ অন্যরা কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে বিছানায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তিতে পুলিশে খবর দিলে দুপুর আড়াইটার দিকে পুলিশ হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তারা ধারণা করছেন, পূর্ব থেকে কেউ তার কক্ষে গোপনে অবস্থান নিয়ে রাতেই হত্যাকান্ড ঘটিয়ে শয়ন কক্ষ আটকে দিয়ে চলে গেছে। গোয়েন্দা পুলিশ হাসপাতালের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে এই বিষয়ে বিশ্লেষন শুরু করেছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে সিআইডি ও পিবিআই পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেছেন, প্রাথমিক তথ্য বিশ্লেষণে মনে হচ্ছে তিনি (ডাঃ আমিরুল ইসলাম) এই রুমেই ঘুমিয়েছিলেন। পরে তিনি কোন ধরনের নৃশংসতার শিকার হয়েছেন। তার শরীরে ধারালো ছুরির আঘাত রয়েছে এবং একটি অঙ্গ কেটে ফেলা হয়েছে। প্রযুক্তিগত বিষয়গুলো বিবেচনা করে ঘটনায় জড়িতদের সনাক্ত ও আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে’ বিকেলে জনসেবা হাসপাতালে ডা আমিরুল ইসলামের মরদেহ দেখতে আসেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় তিনি বলেন’ বর্তমান রাজনীতির পরিবেশকে অস্থিতিশীল করতে ডা আমিনুল কে হত্যা করা হয়েছে। অতিদ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান তিনি।
