মধুচক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন বাজারে আবারোমানববন্ধন 

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে মধুচক্রের সকল সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চতুর্থবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় চাটমোহর নতুন বাজার জার্জিস মোড়-এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চাটমোহর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়ার সভাপতিত্বে নতুন বাজার জার্দিস মোড় এলাকার সাধারণ মানুষ,  বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও যুব সমাজের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, চাটমোহর পৌর সদরের কয়েকটি পরিবার ও সেই সকল পরিবারের উশৃংখল কিশোর কিশোরী, যুবক-যুবতী চাটমোহরে বিভিন্ন অনৈতিক, অশ্লীলতা ও মাদকের রমরমা ব্যবসা করে আসছে। চাটমোহর পৌর সদরসহ আশপাশের এলাকাগুলোতে মাদকের সহজলভ্যতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তা এই সকল মধুচক্রের সদস্য বৃদ্ধি ও কুকর্ম সম্পাদনে সহযোগিতা করছে। একই সাথে পরিবারগুলোর অসচেতনতা ও সন্তানদের বিভিন্ন ব্যাপারে প্রশ্রয় দেওয়ার ফলে আজ চাটমোহর ধ্বংসের দ্বারপ্রান্তে। বক্তারা আরো বলেন, হাই স্কুলে পড়া শিক্ষার্থীদের দিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও চিত্র তৈরি করে তাকে করা হচ্ছে ব্ল্যাকমেইল। এ সকল ঘটনায় সম্পতি বেশ কয়েকটি ভিডিও চিত্র ও স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এলাকাবাসী ও অভিভাবকরা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন। তাই এই মধুচক্রের মূল হতাসহ সকল সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। একই সাথে মাদক নির্মূলে প্রশাসনের সকল দপ্তরকে সচেষ্ট হতে হবে।