বেড়ায় নদীগর্ভে স্কুল বিলীন পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

ওসমান গনি বেড়া পাবনা

পাবনার বেড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনঃস্থাপনের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয়দের উপস্থিতিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় , উপজেলার হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়নের চর সাঁড়াশিয়া গ্রামের ১৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গত বছর যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে যায়।মানববন্ধনে অংশগ্রহণ কারীরা জানান, চলতি বছরের ভাঙন আতঙ্কের কারণে বিদ্যালয়ের কয়েকটি ভবনের টিনের চাল ও আসবাবপত্র সরিয়ে আঁড়ালিয়া মাদ্রাসায় অস্থায়ীভাবে ক্লাস চলছে । বিদ্যালয়ের প্রকৃত অবস্থান পরিবর্তনের কারণে ছাত্র ছাত্রীর উপস্থিতি মাত্র ৫০-৬০ জনে সীমিত। পূর্বের চর সাঁড়াশিয়ায় বিদ্যালয়টি পুনঃস্থাপিত হলে প্রতিদিন প্রায় ২ শ’ শিক্ষার্থী নিয়মিত স্কুলে যেতে পারবে।চর সাঁড়াশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নয়ন আলি বলেন, যমুনা নদীর ভয়াবহ ভাঙনে স্কুলটি গতবছর বিলীন হয়ে গেছে। আপাতত আঁড়ালিয়া মৌজার মাদ্রাসায় অস্থায়ীভাবে ক্লাস চললেও ৮৫% শিক্ষার্থী এখনও চর সাঁড়াশিয়া মৌজায় বসবাস করছে। তাই স্কুলটি পূর্বের স্থানে পুনঃস্থাপন করা অত্যন্ত জরুরি।কর্মসূচিতে অংশগ্রহণ কারীরা আরও জানান, স্কুলটি পুনঃস্থাপিত না হলে শিক্ষার্থীদের লেখাপড়া অনিশ্চয়তায় পড়বে।
বৃহস্পতিবার দুপুরে উক্ত গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম বলেন, স্কুলটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর থেকে হাটাইল আঁড়ালিয়া মৌজার মাদ্রসায় ক্লাস চলছে। চুড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি কেউ আপত্তি থাকলে লিখিতভাবে জানাতে পারেন আমরা বিষয়টি পুনর্বিবেচনা
করব।এ বিষয়ে বেড়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দুই মৌজার জনগণ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে। তবে এখনও সেখানে কোনো স্থায়ী প্রক্রিয়া শুরু হয়নি। কেউ যদি আপত্তি জানায়, তা লিখিতভাবে করলে পুনর্বিবেচনা করা হবে।