রাজশাহীতে ঋণের বোঝা সইতে না পেরে কৃষকের আত্মহত্যা

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুর উপজেলায় এবার ঋণগ্রস্থ হয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। নিহত কৃষকের নাম আকবর হোসেন। তিনি মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামের লুকমান আলীর ছেলে। গতকাল সোমবার (১৮ আগস্ট) সকালে নিজ পান বরজ থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মত আকবর পান বরজ দেখাশোনার জন্য খুব ভোরে বাড়ি থেকে বেড়িয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তার ছেলে সুমন ছয়জন শ্রমিক নিয়ে পান বরজে গেলে তার বাবাকে দেখতে পাননা। খোজাখুজি পর পাশের আরেকটি পান বরজে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার বাবাকে দেখতে পায়। আকবর হোসেন বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীর কাছ থেকে ৬/৭ লাখ টাকা ঋণ নেন। ঋণ নিয়ে পাওনাদারদের চাপে ছিলেন তিনি। পরে শ্রমিকদের সহযোগীতায় মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। উল্লখ্যে,গত শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় এলাকায় ঋণের দায়ে মিনারুল নামের এক কৃষক দুই সন্তানসহ স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। মোহনপুর থানার (ওসি) আতাউর রহমান বলেন,মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।#