বৃষ্টির দিনে হাঁস ভুনা

বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে ঝালঝাল কোনো মাংসের পদ না হলে যেন স্বাদই পূর্ণ হয় না। আর হাঁসের মাংসের স্মোকি হাঁস ভুনা হলে তো কথাই নেই! বিশেষ করে কয়লার ধোঁয়ায় রান্না করা হাঁস ভুনার স্বাদ একেবারেই আলাদা। ধোঁয়ার গন্ধে খাবারে আসে গ্রামীণ রান্নার আসল ফ্লেভার, যা খেলে মনে হবে ঘরের রান্নাঘরেই যেন মাটির চুলার স্বাদ। চলুন জেনে নেয়া যাক, কীভাবে বানানো যায় দারুণ স্বাদের স্মোকি হাঁস ভুনা।

হাঁস ভুনা

উপকরণ

হাঁসের মাংস – ১ কেজি (টুকরা করা)
সরিষার তেল – পরিমাণমতো
হলুদ গুঁড়ো – ১.৫ চা চামচ
মরিচ গুঁড়া – ১.৫ চা চামচ
ধনিয়া গুঁড়া – ১ চা চামচ
শুকনা লঙ্কা – ২/৩টি
পেঁয়াজ কুচি – ১ কাপ

রসুন বাটা – দেড় টেবিল চামচ
আদা বাটা – ১ টেবিল চামচ
টক দই – হাফ কাপ
পাঁচফোড়ন – হাফ চা চামচ
ভাজা জিরা গুঁড়া – ১ চা চামচ
গরম মসলা গুঁড়া – ১ চা চামচ
লবণ – স্বাদমতো
পানি – প্রয়োজনমতো
ধোঁয়া দেয়ার জন্য: ১ টুকরো কয়লা, হাফ চা চামচ ঘি

রান্নার পদ্ধতি

১. মাংস ম্যারিনেট করা
হাঁসের মাংস দই, আদা-রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং অর্ধেক গরম মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট ঢেকে রাখতে হবে।

২. মসলা ভাজা
কড়াইতে সরিষার তেল গরম করে শুকনা লঙ্কা ভেজে নিন। তারপর পাঁচফোড়ন দিয়ে দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন।

৩. মাংস দেয়া
এবার ম্যারিনেট করা হাঁসের মাংস কড়াইতে দিয়ে মাঝারি আঁচে ৮–১০ মিনিট নাড়তে থাকুন। মাংসের পানি শুকিয়ে এলে পরবর্তী ধাপে যান।

৪. রান্না করা
গরম পানি দিয়ে হাঁস ঢেকে দিন। প্রায় ৪০–৫০ মিনিট ঢেকে রান্না করুন, যতক্ষণ না মাংস নরম হয়।

৫. মশলা মেশানো
শেষে ভাজা জিরা গুঁড়া ও বাকি গরম মসলা মিশিয়ে দিন।

৬. ধোঁয়া দেয়ার ম্যাজিক
এক টুকরো কয়লা চুলায় লাল করে গরম করুন। হাঁড়ির মাঝখানে ছোট স্টিলের বাটি বসিয়ে তাতে কয়লা রাখুন। কয়লার ওপরে ঘি ঢেলে সঙ্গে সঙ্গে হাঁড়ি ঢেকে দিন। ২ মিনিট পর ঢাকনা খুললে মাংসে জমে যাবে দারুণ গ্রামীণ ধোঁয়ার ফ্লেভার।

গরম গরম স্মোকি হাঁস ভুনা ভাত, লুচি কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন। ঝালঝাল স্বাদ আর কয়লার ধোঁয়ার গন্ধে এই রান্না একেবারেই অন্য মাত্রার।