নাটোরে পদ্মা নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটছে।

বৃহস্পতিবা ( ১৪ অগাস্ট ) বিকেল ৪টার দিকে প উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়ার পদ্মা নদীর বাঘা সীমান্তবর্তী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন নওপাড়া হাজী আফসার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিন আলির ছেলে মো. গোলাম রাব্বানি (১২) এবং নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শেখ ফরিদ আলী (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওপাড়া হাজী আফসার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ১৫-২০ জন ছাত্র নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক আল আমিন নদীতে গোসল করতে নামে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী শেখ ফরিদ ও গোলাম রাব্বানি পানিতে ডুবে তলিয়ে যায়। এলাকার লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে। পরে রাজশাহীর একটি ডুবুরি দল ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের বলেন, দুপুর সাড়ে বারোটার টার দিকে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় ওই দুই মাদ্রাসা শিক্ষার্থী। রাজশাহীর ডুবুরি দল ও নাটোর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে আজ বিকাল ৪টার দিকে ওই দুই নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। এঘটনায় লালপুর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।