বেড়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ওসমান গনি বেড়া পাবনা
‎পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকির (ঢাকনা) শাটার খুলতে গিয়ে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।১৪ আগষ্ট ‎বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায় , বেড়া পৌরসভার দক্ষিণপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে প্রায় ১০/১২ দিন আগে একটি সেপটিক ট্যাংকির ছাদ ঢালাই করা হয়। ঘটনার দিন ওই ট্যাংকির ঢাকনা খুলে ভেতরে ঢুকে ঢালাইয়ের বাঁশ ও খুঁটি খুলছিলেন নিহত দুই শ্রমিক। এ সময় তাঁদের চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
‎ঢালাইয়ের পর দীর্ঘ সময় সেপটিক ট্যাংকির মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি যে কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।‎ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান। তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ধারণা করা হচ্ছে দীর্ঘ সময় ধরে সেপটিক ট্যাংকির মুখ বন্ধ থাকার ফলে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি এ কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুজনের মরদেহ ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
নিহতরা হলেন বেড়া পৌর এলাকার হাতিগাড়া গ্রামের আবুল কালামের ছেলে রাজিবুল (২৫), আ.গফুরের ছেলে মোস্তাকিন (৩০)।