বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তা ইতিহাসে নজিরবিহীন। তাই জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্ররা যে আকাক্সক্ষা ও দাবি থেকে জীবন দিয়েছে, তা তখনই পূর্ণতা পাবে, যখন শেখ হাসিনা ও তার দোসরদের দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
তিনি শনিবার নিজ এলাকা নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভা, বড়াইগ্রাম ইউনিয়ন, জোনাইল ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন ও গোপালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাক্তিগত গণসংযোগ ও নেতাকর্মীসহ সাধারণ লোকজনের সাথে মতবিনিময় কালে একাধিক সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আবুল হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, সেক্রেটারী আবু সাঈদ রনি, তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল হোসেন এবং সাহিত্য সম্পাদক নাজমুল হাসান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ ও সেক্রেটারী হাসিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম আরও বলেন, বিগত দিনে দেশের কোনো প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছিল না। ছাত্রলীগ ও তাদের সহযোগীরা শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্যসহ অস্থিতিশীল এক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল। ছাত্রশিবির চায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত হোক। সব রাজনৈতিক, সব ইসলামী দলের ছাত্রসংগঠন ক্যাম্পাসে অবস্থান নিশ্চিতের মধ্য দিয়ে ক্যাম্পাসে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হোক।
