নলডাঙ্গায় চারদিন ধরে নিখোঁজ কৃষক, গোরস্থানের পাশে মিললো মরদেহ

নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় গত চারদিন আগে সকালের দিকে বাড়ি থেকে বাজারের দিকে বের হয়ে যান মোঃ রফিকুল ইসলাম (৫০) নামে স্থানীয় এক কৃষক। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির অদুরে একটি গোরস্থানের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে এটি হত্যাকান্ড নাকি অন্য কিছু তা এখনও বলতে পারেনি পুলিশ। কারন মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না এবং পরিবারের পক্ষ থেকেও এব্যাপারে কোন অভিযোগ নেই। তবে মৃত্যুর কারন উদঘাটনে মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম নলডাঙ্গা উপজেলার পুর্ব মাধনগর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, গত সোমবার (১৪ জুলাই) সকালে মাধনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যান রফিকুল ইসলাম। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেও তাকে পাননি। এমনকি পরিবারের পক্ষ থেকে থানায় এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ কিংবা সাধারন ডায়রীও করেননি। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন মাধনগর গ্রামের একটি গোরস্থানের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। এ অবস্থায় খবর পেয়ে নিহতের স্ত্রী নার্গিস বেগম ও তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রফিকুল ইসলামের বলে শনাক্ত করেন। ওসি বলেন, মৃত ব্যক্তির শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহটি পচন ধরেছে এবং পোকা দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকেও এব্যাপারে কোন অভিযোগ না থাকলেও মৃত্যুর কারন জানতে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কোন কারন জানা যায়নি। তবে ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।