নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখা ও বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলেপমেন্ট (এসিডি)। মানববন্ধনে বক্তব্য রাখেন: বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কল্পনা রায়, সাংবাদিক মোস্তাফিজুর রহমান আলম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক অ্যাডভোকেট দিলসেতারা চুনি,জেলা কৃষকদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত, আদিবাসী পরিষদের নেতা সুভাষ চন্দ্র রায় প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশের আইন বিক্রি হচ্ছে, বিচার বিভাগ বিক্রি হচ্ছে ফলে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। প্রচলিত আইনেই দ্রুততম বিচারের দৃষ্টান্ত স্থাপন করা গেলে এমন ঘটনা ঘটবে না।এমন অনৈতিক ঘটনা প্রতিহতে সামাজিকভাবেও মানুষের সচেতনতা আরও বাড়ানো দরকার বলে মনে করেন প্রতিবাদকারীরা।#
