নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় ঠিকাদারের অবহেলায় নির্মাণ কাজ চলার মধ্যেই কয়েকদিনের ভারী বর্ষণে পাকুড়িয়া উত্তর ও দক্ষিণ পাড়া গ্রামের একটি সড়কের একাংশ ধসে পড়ায় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। তাঁর হস্তক্ষেপে বালু ও মাটি ফেলে অস্থায়ীভাবে সড়কটি চালু করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী ও নওহাটা পৌর প্রশাসক অফিসার আরাফাত আমান আজিজ জানান,খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে যাই, কারণ পাকুড়িয়া উত্তর ও দক্ষিণ পাড়ার মানুষের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের যে চরম ভোগান্তি হচ্ছিল, তা কোনোভাবেই কাম্য নয়। দুটি গ্রামের হাজারো মানুষকে বিকল্প পথে অনেকটা ঘুরে যাতায়াত করতে হচ্ছিল, যা ছিল অত্যন্ত কষ্টকর ও সময়সাপেক্ষ। জনদুর্ভোগ লাঘব করা প্রশাসনের প্রথম এবং প্রধান দায়িত্ব। তাই আমরা তাৎক্ষণিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়ে বালু ও মাটি ফেলে একটি অস্থায়ী রাস্তা তৈরি করে দিয়েছি, যাতে অন্তত মানুষের চলাচল স্বাভাবিক হয়। এটি একটি অস্থায়ী সমাধান মাত্র। আমরা ঠিকাদারকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি, যাতে নিজ খরচে দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করে এবং সুরক্ষা দেয়ালের কাজ সম্পন্ন করে। এই কাজে কোনো গড়িমসি সহ্য করা হবে না। পৌরসভা কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যত দিন পর্যন্ত সড়কটি পুরোপুরি আগের অবস্থায় ফিরে না আসছে এবং কার্পেটিং সম্পন্ন না হচ্ছে, ততদিন আমরা এর তদারকি চালিয়ে যাব। উল্লখ্যে,নওহাটা পৌরসভার অধীনে ২০ কোটি টাকার প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স জুয়েল ইলেক্ট্রোনিক্স এন্ড জেভি ওয়াশিমুল হক’ ১০টি সড়ক নির্মাণ করছে। ধসে পড়া সড়কটি দুয়ারী প্রাইমারি স্কুল থেকে পাকুরিয়া প্রাইমারি স্কুল পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ চলমান কার্পেটিং কাজের অংশ।#
