আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের বিতরণ করা চাল অবৈধ ভাবে বেচাকেনার সময় ভিডব্লিউবি কর্মসুচীর ২৯ বস্তা চাল আটক করেছেন জনতা। গতকাল মঙ্গলবার (২৭ মে) দুপুরে সান্তাহার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা চাল গুলো জব্দ করে এতিম খানায় প্রদান করেন।
জানা যায়, আদমদীঘি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্রদের মাঝে ফেব্রুয়ারী ও মার্চ মাসের জন্য বিনামুল্যে বিতরণের জন্য সরকার ভিডব্লিউবি কর্মসুচীর কার্ডধারিদের মাঝে চাল বিতরণ শুরু করেন। মঙ্গলবার সকাল থেকেই সান্তাহার ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুবিধাভোগি কার্ডধারিদের মাঝে ৬০ কেজি করে চাল বিতরণ শুরু করা হয়। চাল উত্তোলনের পর ইউনিয়ন পরিষদের সামনে এক শ্রেনির ব্যবসায়ী কতিপয় সুবিধাভোগি পরিবারের নিকট অল্প দামে চাল কিনেন। এসময় স্থানীয় জনতা অবৈধ ভাবে চাল বেচাকেনা দেখতে পেয়ে ২৯ বস্তায় মোট ৮৭০ কেজি চাল আটক করেন। এসময় চাল ব্যবসায়ী জাহাঙ্গীর নামের জনৈক ব্যক্তি পালিয়ে যায়। আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা ঘটনাস্থলে পৌঁছে আটক করা চাল জব্দ করে পাঁচটি এতিম খানায় প্রদাণের নির্দেশ দেয়া হয়। সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন চাল আটকের বিষয় নিশ্চিত করে বলেন জব্দ করা চাল গুলো এতিম খানায় সঠিক ভাবে প্রদাণ করা হয়েছে।
