ওসমান গনি, বেড়া (পাবনা)
যমুনা সেতুর বিকল্প রোড হিসেবে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট-আরিচা নৌরুট জনপ্রিয় হয়ে উঠেছে মূলত স্পিডবোর্ড কুইক সার্ভিসের জন্য। প্রায় ১২ কিলোমিটার নদীপথ পারাপারে ফেরিতে দেড় ঘন্টা এবং লঞ্চে সোয়া ঘন্টা সময় লাগলেও স্পিড বোটে সেখানে সময় লাগে মাত্র ১৫ মিনিট। এ জনপ্রিয়তার সুযোগে বিগত সরকারের সময় স্পিডবোট মালিকরা সিন্ডিকেট করে যে ভাড়া নির্ধারিত করেছিল তাঁর চেয়েও বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ এই রুটের যাত্রীদের। বিগত সরকারের সময় স্পিড বোট মালিকরা সিন্ডিকেট করে ১৫০ টাকার ভাড়া আদায় করেছিল ২৫০ টাকা,তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানকার প্রভাবশালীরা এ অভিযোগে স্পিড বোট সার্ভিস পাঁচ মাস বন্ধ রাখেন। খোঁজ নিয়ে জানা যায়, সেই প্রভাবশালীরা এর নিয়ন্ত্রণ নিয়ে তৈরি করেছে নতুন সিন্ডিকেট যারা এখন ২৫০ টাকার সাথে আলাদা করে আদায় করছে আরও ৫ টাকা ঘাট চার্জ।
তথ্য বলছে, ২০১৮ সালে সর্বশেষ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ১৫০ টাকা করে স্পিডবোটের ভাড়া নির্ধারণ করে দেয়া হয়। সরেজমিনে কাজিরহাট ঘাট এলাকা ঘুরে দেখা যায়, কাউন্টার থেকে ২৫০ টাকায় স্পিডবোটের টিকিট নিচ্ছেন যাত্রীরা সেই টিকিটের মূল্য ২৫০ টাকা লেখা রয়েছে। তবে টিকিটে বিআইডব্লিউটিএ,সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সিল নেই। কোনো কোনো যাত্রীরা সরকার নির্ধারিত ভাড়ার কথা বললেও এই ভাড়ায় যেতে হবে বলে জানানো হচ্ছে কাউন্টার থেকে। ফলে বাধ্য হয়ে বেশি টাকায় টিকিট নিচ্ছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ , সাধারণ ভাড়ার তুলনায় নেয়া হচ্ছে ৪৫ টাকা বেশি এবং বোট প্রতি ১২ জন করে নেওয়ার নিয়ম থাকলেও এক বোটে গাদাগাদি করে ১৮ থেকে ২০ জন করে যাত্রী নেয়া হচ্ছে। কখনো কখনো লাইফ জ্যাকেট দিচ্ছেন, আবার কখনো দিচ্ছেন না। এতে ঝুঁকি ও ভোগান্তির শেষ নেই যাত্রীদের । সরেজমিনে একাধিক যাত্রী বলেন, সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দেওয়া থেকে আমরা মুক্তি চাই। স্পিডবোট সার্ভিস রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেট মুক্ত করার দাবি ভুক্তভোগি যাত্রীদের। তবে স্পিডবোর্ড সংশ্লিষ্টরা জানান, জ্বালানি তেলের মূল্য সহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় নিতে হচ্ছে বেশি ভাড়া। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ স্বীকার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ঘাটের বন্দর কর্মকর্তা মো.আব্দুল ওয়াকিল। তিনি বলেন , আমাদের কর্তৃপক্ষের চেয়ারম্যান কঠোর ভাবে আইন প্রয়োগ করে ২১০ টাকা স্পিড বোর্ডের নির্ধারিত ভাড়া বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন।#
