মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাবনাবাসীর স্বপ্ন পূরণ হলো। আনুষ্ঠানিকভাবে চালু হলো বহু প্রতীক্ষিত ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। এই খবরে পুরো জেলায় বইছে আনন্দের বন্যা, উচ্ছাসিত সর্বন্তরের মানুষ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে ২০২৩ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উদ্যোগ ও ঘোষণার প্রায় সাড়ে তিন বছর পর বাস্তবায়িত হলো পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা,পূরণ হলো স্বপ্ন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ৬ মিনিটে ১০টি যাত্রীবাহী কোচ, দুটি ইঞ্জিন ও গার্ড ব্রেকসহ ট্রেনটি ঈশ্বরদী থেকে পাবনার উদ্দেশ্যে উদ্বোধনী যাত্রা শুরু করে। যাত্রীবিহীন এই যাত্রায় লোকোমাস্টার মো. মইনুল হোসেন ও পরিচালক মো.আব্দুর রাকিব খানের সঙ্গে গার্ড, টিএক্সআর, আরএনবি, জিআরপি পুলিশ, ইলেকট্রিশিয়ান ও ক্লিনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন। পশ্চিমাঞ্চল রেলওয়ে ও পাকশী বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ট্রেনটিতে উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে চারটায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে উদ্বোধনী ট্রেনটি যাত্রা করে।
পাবনা রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রেনটি উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগার এমপি এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, রেলওয়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
শুক্রবার (২০ নভেম্বর) থেকে শুরু হবে ট্রেনের নিয়মিত বাণিজ্যিক চলাচল। এদিন পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে এবং পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে ছেড়ে আসবে।
ঢাকা-পাবনা-ঢাকা রুটে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম.এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে। এতে পাবনাবাসীর যাতায়াত ভোগান্তি কমবে এবং রাজধানীর সঙ্গে সরাসরি ও নিরাপদ রেল যোগাযোগ স্থাপিত হবে।
নতুন ট্রেন চালু উপলক্ষে পাবনা স্টেশন এলাকায় ছিল উৎসবের আমেজ। জড়ো হয়েছিলেন নানা শ্রেণী ও পেশার মানুষ। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা জানান, সড়কপথে যানজট ও ভোগান্তি পেরিয়ে ঢাকায় যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর। সরাসরি ট্রেন চালু হওয়ায় সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। জেলার ব্যবসা- বাণিজ্য ও অর্থনীতিতেও নতুন গতি আসবে বলে তাঁদের আশা।
পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুররুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষিত এই ট্রেন চালু হওয়ায় পাবনাবাসী অত্যন্ত আনন্দিত। তবে
এখানেই থেমে থাকলে চলবে না। ভবিষ্যতে দক্ষিণ ও উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য আরও আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানান তিনি।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো.ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জোড়াতালি দিয়ে অনেক আগেই ট্রেন চালু করা সম্ভব ছিল। কিন্তু পাবনাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে সম্পূর্ণ নতুন কোচদিয়েই এই রুটে ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সম্মতিতে তা বাস্তবায়িত হওয়ায় তাঁরাও আনন্দিত।
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনার মানুষ সম্মিলিতভাবে এটি চেয়েছিল। দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের যে প্রকল্প নেওয়া হয়েছে, বর্তমান সরকারের সেই পরিকল্পনা ও পদক্ষেপের সুফল পাবনাবাসী আজ পাচ্ছেন।
