রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারে সুপারিশ চিকিৎসাকেন্দ্র, আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও জরুরি সাড়াদান সক্ষমতার প্রশংসা আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোর ইতিবাচক দিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ১০ দিনব্যাপী Emergency Preparedness Review (EPREV) মিশনে কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ও আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইএইএর প্রকাশিত মূল্যায়নে রূপপুরের অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো নির্দিষ্ট ঘাটতি বা সংশোধনমূলক পদক্ষেপের সুপারিশ উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

গত ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে এ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আইএইএ দেশের জরুরি প্রস্তুতির ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বয় আরও জোরদারের সুপারিশ করে।

রূপপুরের সক্ষমতাকে শক্তিশালী দিক হিসেবে স্বীকৃতি আইএইএর বিশেষজ্ঞ দল বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর দুটি উল্লেখযোগ্য শক্তিশালী দিক চিহ্নিত করেছে। প্রথমত, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতাভিত্তিক সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা, যা পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

দ্বিতীয়ত, রূপপুরের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। এ ক্ষেত্রে কেন্দ্রের চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তাসম্পন্ন চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তব পরিস্থিতিতে প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে বিশেষজ্ঞ দল। এসব অবকাঠামো জরুরি প্রস্তুতি, প্রশিক্ষণ ও নিয়মিত পুনঃপ্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় পর্যায়ের সুপারিশ রূপপুরের ঘাটতি নয় নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান শনিবার (২১ নভেম্বর) বলেন, আইএইএর মূল্যায়ন বুঝতে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনা করা জরুরি। অন-সাইট ব্যবস্থাপনা কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা ও কর্মীদের সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে অফ-সাইট ব্যবস্থাপনা জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর নির্ভরশীল।

তিনি জানান, আইএইএর সুপারিশের মূল লক্ষ্য জাতীয় জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোকে আরও সমন্বিত করা। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ড. জাহেদুল হাসান বলেন, “পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়; কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ। জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।”

তিনি আরও বলেন, পারমাণবিক নিরাপত্তা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এনপিসিবিএল নিয়মিত প্রশিক্ষণ, জরুরি প্রস্তুতি যাচাই ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে রূপপুরের সক্ষমতা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরমাণু বিশেষজ্ঞদের মতে সুপারিশ মানেই বিদ্যমান ব্যবস্থায় ঘাটতি নয়। আন্তর্জাতিক নিরাপত্তা চর্চায় নিয়মিত পর্যালোচনা, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সক্ষমতা উন্নত করা স্বাভাবিক প্রক্রিয়া। কোনো ব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ মানেই সেটি অনুপস্থিত বা অকার্যকর—এমন নয়।

আইএইএর মূল্যায়নে জাতীয় পর্যায়ে জরুরি প্রস্তুতি জোরদারের পাশাপাশি পূর্ণাঙ্গ জরুরি মহড়া ও মূল্যায়ন কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রস্তুতি যাচাই এবং সমন্বিত সাড়াদান কার্যক্রম অনুশীলন করা। প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব সুপারিশকে রূপপুরের অন-সাইট ব্যবস্থাপনার নির্দিষ্ট ব্যর্থতা হিসেবে উল্লেখ করা হয়নি।

বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা আন্তর্জাতিক দলের পর্যালোচনা দলের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার বলেন, বাংলাদেশ আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুসারে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবও তিনি ইতিবাচকভাবে উল্লেখ করেন।
বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব নির্ধারণ করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

সক্ষমতার স্বীকৃতি, সমন্বয় উন্নয়নের দিকনির্দেশনা রূপপুরের কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে আইএইএর EPREV মিশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক মূল্যায়ন। এতে কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ সক্ষমতার ইতিবাচক দিক উঠে এসেছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বয় আরও শক্তিশালী করার দিকনির্দেশনা পাওয়া গেছে।

আইএইএর সুপারিশকে রূপপুরের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা হিসেবে না দেখে বিদ্যমান সক্ষমতার ভিত্তিতে জাতীয় সমন্বয় আরও সুসংহত করার সুযোগ হিসেবে বিবেচনা করাই যুক্তিযুক্ত।