মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
ইতিহাসের সাক্ষী হয়ে রইল চাটমোহরবাসী ও চাটমোহর রেলওয়ে স্টেশন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পাবনাবাসীর স্বপ্ন পূরণ করে আনুষ্ঠানিকভাবে চালু হলো বহু প্রতীক্ষিত ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। এদিন সন্ধ্যায় পাবনা-ঢাকা ট্রেন চলাচল উদ্বোধন করেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম। ফিতা কেটে প্রথমবারের মতো পাবনা শহর থেকে ঢাকা ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী পাবনা উদ্বোধনী এক্সপ্রেস নামে ট্রেনটি যাত্রা শুরু করে। উদ্বোধনী ট্রেনটি কোন স্টেশনে যাত্রা বিরতির সিডিউল ছিলনা, কিন্তুু
সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য চাটমোহরের কৃতি সন্তান অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার অনুরোধে ও প্রচেষ্টায় চাটমোহর স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করে। এসময় চাটমোহর রেলস্টেশনের প্লাটফরমে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন রেলপথ, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম। এসময় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাসহ সংসদ সদস্যগণ, রেলসচিব ফাহিমুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
