আগৈলঝাড়ায় মাদক সেবনের সময় একজন আটক, জব্দ দুই মোটরসাইকেল

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনের সময় এলাকাবাসীর হাতে রঞ্জন বৈষ্ণব (৩৫) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। এ সময় মাদক সেবন ও ব্যবসায় ব্যবহারের অভিযোগে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কোদালধোয়া গ্রামে বিপুল পান্ডের খামারবাড়িতে এ ঘটনা ঘটে। আটক রঞ্জন ওই গ্রামের মৃত রাধানাথ বৈষ্ণবের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, বিপুল পান্ডের খামারবাড়িতে দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবনের আসর বসে। শুক্রবার রাতে সেখানে মাদক সেবনের সময় রঞ্জনকে আটক করে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে আগৈলঝাড়া থানার এসআই মো. সেলিম ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যান।
এ ঘটনায় বিপুল পান্ডেসহ আরও কয়েকজনের নাম স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে। জড়িতদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।