মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে নানা আযোজনে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদযাপিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি পালনে বিএনপি’র দুই গ্রæপ পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করেন। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শফিউল ইসলামের সঞ্চালনায়, অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু, রবিউল করিম তারেক, ভিপি সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ, শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম প্রমুখ। অনুষ্ঠানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠণের দুই গ্রæপ পৃথকভাবে কর্মসূচি পালন করে।
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বাধিন অংশ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ। অপরদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার নেতৃত্বাধিন অপর অংশ বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ডে সমাবেশ করে। সমাবেশ শেষে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া চাটমোহর সরকারি কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই, সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় দিবসটি পালন উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
