মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসের কক্ষে এক প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে মোঃ জসিম উদ্দিন নামে এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া মোঃ জসিম উদ্দিন মৌলভীবাজার সদর উপজেলার মিঠারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হকের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। গত ৫ নভেম্বর-২০২৬ইং, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, ওই সময় একই উপজেলার দামিয়া আব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মোহাম্মদ শহীদুর রহমান সেখানে অবস্থান করছিলেন। এ সময় জসিম উদ্দিন তাঁর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে আঘাতে ওই প্রধান শিক্ষক রক্তাক্ত হয়ে অফিসকক্ষের মেঝেতে পড়ে যান। অফিস আদেশে আরও বলা হয়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক এবং সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত শিক্ষক মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় তাঁর কর্মকাÐকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী মোঃ জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
