পাবনায় গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার ফরিদপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে মো. নয়ন হোসেন (২০) নামের এক
ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
সোমবার উপজেলার বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকার একটি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি
গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা মেলে। পরে ভোক্তা অধিকার
সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় অভিযুক্ত ব্যবসায়ী নয়ন হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী মোঃ নয়ন হোসেন পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সমশের আলীর ছেলে।
অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন গণমাধ্যমকে বলেন,নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট, অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ দেওয়া হবে না। সাধারণ ক্রেতাদের স্বার্থ ও অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন সব সময় কঠোর অবস্থানে রয়েছে।
কোনো ব্যবসায়ী পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ
ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।