সাঁথিয়ায় গৃহবধূকে গলা টিপে হত্যা-স্বামী গ্রেপ্তার

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউয়িনের চরপাড়া গ্রামে রোমেনা খাতুন(৩৫)নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করেছে প্রবাস থেকে ছুটিতে আসা স্বামী আব্দুর রহিম(৪৫)।
আব্দুর রহিম চরপাড়া গ্রামের রইজ মোল্লার ছেলে এবং নিহত গৃহবধূ একই ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মরহম আলীর মেয়ে।
গতকাল সোমবার(২নভেম্বর)রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় মঙ্গলবার (৩নভেম্বর) বিদেশ ফেরৎ অভিযুক্ত স্বামী আব্দুর রহিমকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, এক যুগ আগে আব্দুর রহিম সৌদি আরবে যান। সেখানে ৬ বছর থাকার পর মালয়েশিয়ায় যান। প্রায় দুই মাস হলো ছুটিতে বাড়ি আসেন। স্ত্রী রোমেনা খাতুন তার বাবার বাড়িতে মাঝে মধ্যে টাকা পাঠানো নিয়ে সোমবার স্বামী আব্দুর রহিমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রহিম স্ত্রী রোমেনা খাতুনকে গলা টিপে ধরলে তার মৃত্যু হয়।
নিহতের স্বামী আব্দুর রহিম জানান প্রবাসে থাকা অবস্থায় আমার স্ত্রী তার বাবার বাড়ি পাঠায়। গতকাল সোমবার সে আমাকে না জানিয়ে গচ্ছিত ১৩ হাজার টাকা আবারো তার বাবার বাড়ি পাঠায়। টাকার কথা জিজ্ঞেস করলে তার সাথে আমার ঝগড়া হয়। এনিয়ে আমি তাকে একপর্যায়ে গলা টিপে ধরলে সে মারা যায়। তবে আমি জানতামনা গলাটিপে ধরায় সে মারা যাবে।

নিহত রোমেনা খাতুনের বাবা মরহম আলী মেয়ের হত্যা বিচার চাই এবং হত্যাকারীর ফাঁশি চাই।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার কথা স্বীকার করলে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।