সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই দিনমজুর নিহত, আহত ১

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা দুই দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালক আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা-রংপুর সড়কের জামালহাট কামরাঙ্গার তল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাশের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের সোলেমান সরকারের ছেলে মো. এনামুল হক (৪০) এবং একই গ্রামের মো. মোন্তাজ আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৪০)। আহত অটোভ্যানচালকের নাম মো. আব্দুল হামিদ। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে পানের বরজে দিনমজুরের কাজ করার উদ্দেশ্যে এনামুল হক ও আনোয়ার হোসেন অটোভ্যানে করে জামালহাট কামরাঙ্গার তল এলাকায় পৌঁছান। সেখানে সড়কের এক পাশে অটোভ্যানটি দাঁড় করিয়ে রাখা অবস্থায় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোভ্যানে থাকা এনামুল হক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেন ও চালক আব্দুল হামিদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

একই গ্রামের দুই দিনমজুরের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় থানায় একটি সড়ক দুর্ঘটনায় অপমৃত্যু (আরটিএ) মামলা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।