স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ১২’শ জন অসহায় মানুষের মাঝে পূজার উপহারস্বরুপ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের ডালপট্টি দুর্গামন্দির প্রাঙ্গণে বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদ ও ডালপট্টি সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়ালের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই শারদ উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে সকলের হাতে এই শারদ উপহার তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। তিনি বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে। শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতারও বার্তা বহন করে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সবাই মিলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে। সুজিত জয়সোয়ালের মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব। মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, বগুড়া মহানগর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি ও বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।
আয়োজন প্রসঙ্গে ব্যবসায়ী সুজিত জয়সোয়াল বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
