বেড়া মডেল থানার সামনে নারী ও শিশুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ​

ওসমান গণি , বেড়া প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলার সম্ভুপুর গ্রামের নারী ও শিশুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় নারীরা।
​শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার পর থেকে ৫টা পর্যন্ত বেড়া মডেল থানার মূল ফটকের সামনের সড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেড়া পৌরসভার ০৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মী মোছাঃ জীবন নাহারের (৫০) নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন বোরকা পরিহিত নারী এই বিক্ষোভে অংশ নেন। তারা সম্ভুপুর গ্রামের নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি সংবলিত একটি ব্যানার নিয়ে থানার মূল গেটের সামনে তারা অবস্থান নেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।
​বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মোছাঃ জীবন নাহার সম্ভুপুর গ্রামের মোঃ শাহজাহান আলীর স্ত্রী। প্রায় ৩০ মিনিট স্থায়ী এই বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা সংক্রান্ত কোনো তথ্য বা অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
​তিনি আরও বলেন, এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে।