কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’ ​অভিযানে দিশেহারা সিন্ডিকেট, প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের গুঞ্জন

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : ​টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা ও নিউ ধলেশ্বরী নদী কেন্দ্রিক অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে প্রভাবশালী বালু ব্যবসায়ী সিন্ডিকেট।

ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান, কারাদণ্ড ও বিপুল অঙ্কের অর্থদণ্ডের মুখে এবার উপজেলা প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সিন্ডিকেটের এক সক্রিয় সদস্যের বক্তব্যে এমন তথ্য উঠে এসেছে।

​সিন্ডিকেটের বিস্তৃতি ও কৌশল অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার বেলটিয়া, কুর্শাবেণু, বিয়ারা মারুয়া, গোবিন্দপুর, মীরহামজানি, জোকারচর, থানাঘাট, কামাক্ষার মোড়, হাকিমপুর, ধলাটেংগর, ভাবলা, কুড়িঘরিয়া, এলেঙ্গা সেতুর উত্তর-দক্ষিণ-পশ্চিম পাড়, বড়বাসালিয়া, পৌলি, পুংলি রেলওয়ে সেতুর পূর্বপাড় এবং মহেলা ঘাটসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি চলছে। স্থানীয়ভাবে ‘হোয়াইট গোল্ড’ হিসেবে পরিচিত এই ব্যবসাকে কেন্দ্র করে প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে।

​অভিযোগ রয়েছে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে পুরোনো সিন্ডিকেটের হাতবদল হয়ে নতুন একটি গোষ্ঠী এই ব্যবসায় সক্রিয় হয়। মাঝে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামের অভিযানে কিছুটা ভাটা পড়লেও জাতীয় সংসদ নির্বাচনের পর চক্রটি আবারও তৎপর হয়ে ওঠে। বর্তমানে ভূঞাপুর থেকে বাল্কহেডে মোটা বালু এনে অবৈধ ঘাটে মজুত এবং রাতের আঁধারে বাংলা ড্রেজারের মাধ্যমে নদী থেকে বিটবালু উত্তোলন করা হচ্ছে। সম্প্রতি ধলাটেংগর এলাকায় ৮ ইঞ্চি পাইপলাইন বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের প্রস্তুতিও শুরু করেছে চক্রটি।

প্রশাসনের লাগাতার অভিযানে বিপাকে পড়ে সিন্ডিকেটের সদস্যরা এখন প্রশাসনিক রদবদলের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে চক্রের এক সক্রিয় সদস্য বলেন, ‘বালু-মাটির ব্যবসা বন্ধ হলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হয়। অভিযানের নামে প্রশাসন আমাদের ওপর জুলুম করছে। কর্মীদের কারাদণ্ড, এক্সকাভেটর (ভেকু) ভাঙচুর ও জরিমানায় আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ব্যবসা রক্ষায় প্রশাসনিক রদবদলের জন্য আমরা অর্থ বিনিয়োগ করতে বাধ্য হয়েছি। খুব শিগগিরই কালিহাতী প্রশাসনে পরিবর্তন আসবে এবং আমরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারব।’
​তবে কথিত এই অর্থ বিনিয়োগের পরিমাণ, উৎস বা লেনদেনের মাধ্যম সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

​রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ স্থানীয় একটি সূত্রের দাবি, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার মধ্যস্থতায় গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী তালুকদার, বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, বিএনপি নেতা আলম তালুকদার, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহর আলী, সোলায়মান, শামীম, শাফি, যুবদল নেতা আমিনুল, হাসমত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের নিকটাত্মীয়রা এই ব্যবসায় বিনিয়োগ ও নেপথ্যে থেকে সহায়তা করছেন। এ ছাড়া অসাধু সরকারি কর্মচারী ও সাংবাদিক পরিচয়ধারী কতিপয় ব্যক্তির যোগসাজশের অভিযোগও রয়েছে।

​অভিযানের পরিসংখ্যান ও প্রশাসনের বক্তব্য
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কালিহাতীতে মোট ২৩৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫৬ জনকে কারাদণ্ড এবং ৩০ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে শুধু ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর অধীনে ৪৭টি মামলায় ১৬ জনকে কারাদণ্ড ও ২৪ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি মামলাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইটভাটা, ভোক্তা অধিকার, বিএসটিআই, পরিবেশ সংরক্ষণ ও বাল্যবিবাহ নিরোধসহ বিভিন্ন আইনে দায়ের করা হয়েছে।
​অবৈধ বালু ব্যবসা ও প্রশাসনে প্রভাব বিস্তারের চেষ্টার বিষয়ে জানতে চাইলে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, ‘উপজেলা প্রশাসন রাষ্ট্রের পক্ষে জনস্বার্থে দায়িত্ব পালন করে। এতে কখনো কখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরাগভাজন হতে হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে কর্মী ও জনগণের প্রত্যাশা বেশি থাকলেও কালিহাতীর সংসদ সদস্য সব সময় প্রশাসনকে সহযোগিতা দিয়ে আসছেন।’ জনস্বার্থে ও নদ-নদী রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নদী ও নদীর পাড় রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সচেতন মহলের মতে, প্রভাবশালী কোনো মহল যদি অর্থের বিনিময়ে প্রশাসনিক রদবদল ঘটানোর চেষ্টা করে, তবে তা সুশাসন ও আইনের শাসনের জন্য বড় হুমকি। কথিত অর্থ বিনিয়োগের উৎস অনুসন্ধান এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।