নাকালিয়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান: অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, মাছ এতিমখানায় হস্তান্তর ​

ওসমান গনি, বেড়া পাবনা প্রতিনিধি:
​জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ সফল করার লক্ষ্যে পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নদী থেকে অবৈধ কারেন্ট জাল এবং ডিমওয়ালা মা-ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
​বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে যমুনা নদীর নাকালিয়া ঘাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোকাররম হোসেনের সরাসরি নেতৃত্বে মৎস্য বিভাগের একটি আভিযানিক টিম সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করে।
​অভিযান সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ থাকা সত্ত্বেও একশ্রেণির অসাধু জেলে যমুনা নদীর নাকালিয়া পয়েন্টে মাছ শিকারের চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের টিম নদীতে টহল ও তল্লাশি চালায়। তল্লাশিকালে নদী থেকে আনুমানিক ৫০ হাজার টাকা বাজারমূল্যের প্রায় ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালে আটকে থাকা প্রায় ৫ কেজি ডিমওয়ালা মা-ইলিশ উদ্ধার করতে সক্ষম হন অভিযান পরিচালনাকারী টিম।
​অভিযান শেষে স্থানীয় লোকজনের উপস্থিতিতে নাকালিয়া ঘাটে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। অপরদিকে, উদ্ধারকৃত মা-ইলিশ মাছগুলো স্থানীয় নতুন পেঁচাকোলা দারুল উলুম রাহিমিয়া হাফিজিয়া ক্বওমিয়া মাদ্রাসার (এতিমখানা) মুহতামিমের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
​অভিযান শেষে বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন জানান, “মা-ইলিশের অবাধ প্রজনন ও বংশবৃদ্ধির মাধ্যমে জাতীয় ইলিশ সম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। নিষিদ্ধ সময়ে যমুনা নদীতে কোনো ধরনের অবৈধ মৎস্য শিকার বরদাশত করা হবে না। অসাধু চক্রকে প্রতিরোধ করতে যমুনা নদীতে মৎস্য বিভাগের এ ধরনের তদারকি ও ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
​মা-ইলিশ রক্ষায় প্রশাসনের এমন তড়িৎ ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।