নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন,ভিসার আবেদন করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে হয়রানি ও জটিলতায় না জড়ানোর জন্য আহবান জানান। তিনি বলেন, দালালের সহায়তা না নিয়ে আবেদনকারীদের নিজেরাই নির্ধারিত নিয়মে ভিসার আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করে নির্ধারিত সময়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করলে অনাকাক্সিক্ষত ভোগান্তির ঝুঁকি কমবে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর বর্ণালীর মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভিসার আবেদন করতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং সেবার পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। মনোজ কুমার বলেন, ভিসা সেন্টারের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে কি না এবং আবেদনকারীরা কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কি না, তা দেখতে তিনি নিয়মিত পরিদর্শনে আসবেন। পরিদর্শনকালে তিনি ভিসা সেন্টারে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা ও সমস্যার কথা জানার চেষ্টা করেন। সেবার পরিবেশ স্বাভাবিক রাখা, আবেদনকারীদের চাপ সামলানো এবং কার্যকর ভিড় ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। এবং সেবা নিতে আসা মানুষ যাতে অযথা ভোগান্তিতে না পড়েন, সে বিষয়েও নজর রাখতে হবে। দালালদের বিষয়ে সতর্ক করে ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ঢাকায় ভারতের হাইকমিশনও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দালালদের বিষয়ে সতর্কবার্তা দিয়ে থাকে।
