যশোরে গাঁজা মোটরসাইকেলসহ যুবক আটক

ইয়ানূর রহমান : যশোরের ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজার এলাকায় বেনাপোল-যশোর মহাসড়কের উপর অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু (২১) নামে এক যুবককে নাভারন হাইওয়ে পুলিশ আটক করেছে । এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, নাভারণ হাইওয়ে থানা পুলিশের একটি দল নিয়মিত দিবাকালীন মোবাইল ডিউটি করছিল। এ সময় নাভারণ থেকে যশোরগামী একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাঁদের থামার সংকেত দেওয়া হয়। তখন একজন মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। অপর ব্যক্তিকে ২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ আটক করা হয়।

আটক শামীম বাবু বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের সোহেল রানার ছেলে।

এ ঘটনায় ১৩ অক্টোবর ২০২৬ তারিখে নাভারণ হাইওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ৩৬২ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।।