আগৈলঝাড়ায় ১৬৯টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি: শেষ মুহূর্তে চলছে রং তুলির ব্যস্ততা

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চলছে শেষ মূহুর্তের ব্যাপক প্রস্তুতি। বরিশাল জেলার মধ্যে সর্বাধিক ১৬৯টি মণ্ডপে এবার দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিমা তৈরি, রং-তুলির স্পর্শ, মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও আয়োজকেরা।

উপজেলার মধ্য শিহিপাশা গোঁসাই দাসের বাড়ি, বারপাইকা বাজার, পশ্চিম মোল্লাপাড়া সাতপাড়, শ্যামল মন্ডলের বাড়ি, অশোকসেন স্কুলবাড়ি দুর্গা মন্দিরসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, অধিকাংশ প্রতিমার কাঠামোগত ও মাটির কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। দর্শণার্থীদের আকৃষ্ট করতে এসব মণ্ডপগুলোতে চলছে দৃষ্টিনন্দন বিভিন্ন সাজসজ্জার আয়োজন।

প্রতিমাশিল্পী মহাদেব পাল, শিবু পাল ও সজল পাল জানান, রং ও প্রতিমা তৈরির আনুষঙ্গিক উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় নির্মাণ ব্যয় আগের চেয়ে বেড়েছে। তবুও সময়মতো কাজ হস্তান্তরে বাড়তি পরিশ্রম করছেন তারা।

দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৬৯টি পূজামণ্ডপে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক যতীন্দ্রনাথ মিস্ত্রী জানান, স্থানীয় প্রশাসনের পূর্ণ সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে সাজসজ্জার কাজ এগিয়ে চলেছে।

সার্বিক বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার জানান, মণ্ডপগুলোর সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকেও সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।