আগৈলঝাড়ায় ২০ লিটারের বেশি চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ২০ লিটারের বেশি দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ সুশান্ত মুন্সী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ৬ অক্টোবর রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া কান্দিরপাড় এলাকায় তাঁর নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুশান্ত মুন্সী ওই এলাকার নারায়ণ চন্দ্র মুন্সীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গুটিয়া কান্দিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সুশান্ত মুন্সীর কাছ থেকে ২০ লিটারের বেশি দেশীয় চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন আগৈলঝাড়া থানার এসআই সিদ্দিকুর রহমান। এসময় এসআই মাসুদুর রহমান, এএসআই তারেক আজিজ ও এএসআই কাওছারসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, অভিযুক্ত সুশান্তর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানূগ ব্যবস্থা নেওয়া হবে।