আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার কারাদণ্ড

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও দুইশ’ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল এ দণ্ডাদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর এলাকার জালাল সরদারের ছেলে রাকিব সরদারকে (২১) বিশ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মাদকদ্রব্য গাঁজাসহ আটক ব্যক্তিকে গ্রেপ্তারের পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল’র ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে দোষ স্বীকারের পর বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত রাকিব সরদারকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।