ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঈশ্বরদী পৌর শাখা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পোস্ট অফিস মোড় এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল।

পরে পোস্ট অফিস মোড় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন সড়ক ও ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সারাদেশের তুলনায় ঈশ্বরদীতে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। গত কয়েক মাসে ডেঙ্গুর উপসর্গ নিয়ে অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিতে এলেও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন মাত্র সাতজন। প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ জন রোগী ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসছেন। তবে পরীক্ষা-নিরীক্ষার পর অধিকাংশের ক্ষেত্রেই ডেঙ্গু শনাক্ত হচ্ছে না।

কর্মসূচির উদ্বোধনকালে জাকির হোসেন জুয়েল বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ঈশ্বরদী শহরের পাশাপাশি উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থানেও পর্যায়ক্রমে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ডা. শোভন পাল বলেন, এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক উদ্যোগ প্রশংসনীয়। সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও ঈশ্বরদীতে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অব্যাহত থাকলে ডেঙ্গু মোকাবিলা আরও সহজ হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাও রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, সদস্যসচিব সাহাবুদ্দিন সেন্টু সরদার, পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্যসচিব আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, মনিরুজ্জামান টুটুল, সরদার ইলিয়াস হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরক সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুর রহমান জুয়েল, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান শাওন ও মো. মোহনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।