ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে রকিবুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় শামসুল আলম নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার চরে এ ঘটনা ঘটে।
নিহত রকিবুল ইসলাম কৈকুন্ডা গ্রামের মৃত মারজেন হোসেনের ছেলে। আহত শামসুল আলম বিলকেদার গ্রামের বাসিন্দা। তারা দুজনই বিলকেদার চরে কৃষিকাজ করছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে রকিবুল ইসলাম ও শামসুল আলম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত শামসুল আলম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, বজ্রপাতে নিহত রকিবুল ইসলামের মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
