গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ

আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
ঢাকঢোল আর বদ্যযন্ত্রের তালে চলছে নৌকা। মাঝিরা গাইছে ভাটিয়ালী গান। কন্ঠে তাদের ‘হেইয়ারে হেইয়াহো, মারো টান’। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দের সাথে হাজারো দর্শকের করতালিতে উৎসবমুখর চারপাশ।
ভাদ্রের তপ্ত রোদ উপেক্ষা করে গুরুদাসপুরের চেচিয়া নদীতে দুইদিন ব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করল গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার মানুষ। চলনবিল অধ্যুষিত দুই উপজেলার সীমান্তবর্তী গ্রাম খাঁকড়াদহ, শরীফপুর, কচুগাড়ী ও ভিটা কাজিপুর এলাকায় এ নৌকা বাইচকে কেন্দ্র করে বাড়ি বাড়ি আত্মীয়স্বজনের আগমন ঘটেছে। নদীর দুইপাড়েও হাজারো উৎসুক দর্শকের ভীড় পরিলক্ষিত হয়।
বুধবার বিকেল ৩টায় উপজেলার খাঁকড়াদহ পূর্বপাড়া যুবসমাজের উদ্যোগে বাইচের ফাইনাল পর্ব শুরু হয়। বাইচে ৭টি গ্রæপে বিভক্ত হয়ে ১৪টি নৌকা অংশ নেয়। তুমুল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কচুগাড়ী একতা এক্সপ্রেস, দ্বিতীয় হয় কচুগাড়ী রিয়াদ এক্সপ্রেস ও ৩য় হয় সোনার মদীনা এক্সপ্রেস। সবশেষে পানশী নৌকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নৌকাবাইচের আয়োজক বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম। প্রথম বিজয়ীকে বড় ফ্রিজ, দ্বিতীয়কে ৩২ ইঞ্চি এলইডি ও তৃতীয় বিজয়ীকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেয়া হয়। বাইচে অংশ নেয়া অন্যান্য নৌকার মালিকরাও সৌজন্য পুরস্কার পান।#