বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জের মদনেরচর তালতলা গুদারা ঘাটে দশানী নদীর ওপর ব্রিজ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মদনের চর তালতলা এলাকবাসীর উদ্যোগে দশানী নদীর তীরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে দশানী নদীতে দ্রুত ব্রিজ নির্মাণ ও তিন কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মদনের চর তালতলা জিন্নাহ মোড় থেকে তালতলা গুদারাঘাটে দশানী নদীতে নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে এই জনপদের মানুষকে।
তালতলা গুদারাঘাটে দশানী নদীর ওপর একটি ব্রিজ না থাকা ও পাকা রাস্তা নির্মাণ না হওয়ায় তালতলা, মদনের চর, খাপড়া পাড়া, জোনাইবাড়ি, চর কামালের বার্ত্তী, নশুর চর গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
এই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ ও তালতলা গ্রামের গ্রামীণ রাস্তাটি পাকা করা হলে এই জনপদের আর্থসামাজিক উন্নয়নে আমূল পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও জনজীবনে চরের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।
তাই দশানী নদীর ওপর ব্রিজ নির্মাণ ও মদনের চর তালতলা থেকে মাদারেরচর বাজার পর্যন্ত তিন কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের দাবি জানান তাঁরা। ব্রিজটি নির্মাণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী জনপদের মানুষ।
এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, শিক্ষক ওমর ফারুক, মনির হোসেন, কৃষক আহাজ্জল মিয়া ।
মানববন্ধনে ৬ গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
