আগুনে পুড়ল আঙ্গুর মিয়ার স্বপ্ন, গোয়ালঘরে দুই গরু পুড়ে ছাই

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনটি গরু গুরুতরভাবে আহত হয়েছে। নিহত দুই গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আঙ্গুর মিয়া। এতে তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও পরিবারের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

গত রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তালুক বেলকা গ্রামের আঙ্গুর মিয়ার গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রেখেছিলেন আঙ্গুর মিয়া। রাতে গরুর গোঙানির শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। পরে শয়নকক্ষের দরজা খুলে গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দুইটি গরু পুড়ে মারা যায়। একই সঙ্গে আরও তিনটি গরু আগুনে আংশিকভাবে পুড়ে গুরুতর আহত হয়।

ক্ষতিগ্রস্ত আঙ্গুর মিয়া বলেন, আমার স্বপ্ন ছিল এই পাঁচটি গরু লালন-পালন করে ধীরে ধীরে একটি ছোট খামার গড়ে তুলব। কিন্তু আগুনে আমার সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি খুব অসহায় হয়ে পড়েছি।

প্রতিবেশী সাজু মিয়া বলেন, অসাবধানতাবশত কয়েলের আগুন থেকেই হয়তো গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়েছে। আঙ্গুর মিয়ার পরিবারের একমাত্র সম্বল ছিল এই পাঁচটি গরু। দুইটি গরু পুড়ে ছাই হয়ে গেছে, আর বাকি তিনটির অবস্থাও আশঙ্কাজনক। পরিবারটি এখন খুব অসহায়।

খবর পেয়ে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। একই সঙ্গে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলাম বলেন, চেয়ারম্যানের মাধ্যমে আমরা ঘটনাটি জানতে পেরেছি। অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গোয়ালঘরে কয়েলসহ আগুনের উৎস ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার কোনো সুযোগ থাকলে অবশ্যই সহযোগিতা করা হবে।

এ ঘটনায় পরিবারটির মাঝে শোক ও হতাশা নেমে এসেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত আঙ্গুর মিয়ার পরিবারকে সরকারি ও বেসরকারিভাবে সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।