জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় মিনি স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাজ্জাদুজ্জামান, হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সামশুল হক এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনজুর আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সুস্থ শরীর ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। আমাদের তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চায় ফিরিয়ে আনতে ক্রীড়াঙ্গন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল ও ভলিবলসহ নানা ইভেন্টে অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলগুলোর মাঝে সোনালি ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
